শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়ায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা ২৫ নাগরিক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরের বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা বিদেশী এ ২৫ নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত একুশের চেতনায় সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

আলোচনা সভায় ইতালির নাগরিক ও ফিল্ম মেকার আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষদের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে ত্যাগ তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছেন। এবারের উদযাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।’

মালয়েশিয়ার নাগরিক ও ফিল্ম মেকার জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়৷ বাংলাদেশের বগুড়ায় এ আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি৷ এ দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করছি তাদের দেশের ভাষা আরো প্রসিদ্ধ হ‌বে।’

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ আয়োজন ২৫ জন বিদেশী নাগরিক উপভোগ করেছেন৷ ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।’

অনুষ্ঠান শেষে ২৫ জন বিদেশী নাগরিক ও প্রতিষ্ঠান প্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।