আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে লুকোচুরির কোনো ব্যাপার নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে বিদেশী কূটনীতিকদের জানাতে নির্বাচন কমিশনের আয়োজিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনে কর্মরত রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।
বৈঠকের পরে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, আমরা চাই অলমোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন। এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। অ্যাম্বাসাডাররা অত্যন্ত খুশি।
কূটনীতিকরা পোস্টাল ভোট, নির্বাচনের সময় কী পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হবে এমন সব বিষয়ে প্রশ্ন করেছেন জানিয়ে সিইসি বলেন, আমরা বুঝিয়েছি নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে।
সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নির্বাচনের সময় ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হবে বলে জানান তিনি।










