বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশী নাবিক ও মেরিনারদের ভিসা সুবিধা ও চাকরির সুযোগ বৃদ্ধিতে কাজ করবে মন্ত্রণালয়। মেরিনারদের দক্ষতা ও যোগ্যতা বাড়িয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন (বিএমএসএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।

সাক্ষাতে বিএমএসএফের সভাপতি প্রধান প্রকৌশলী শেখ মাসুদ রানা বলেন, মেরিন একাডেমিতে প্রশিক্ষকের স্থায়ী ব্যবস্থা করা এবং মেরিনারদের ‘ওকেটু বোর্ড ভিসা’ সুবিধা চালু করা দরকার। একই সঙ্গে পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

বিএমএমওএর মহাসচিব রেদোয়ান শিকদার এবং চিফ ইঞ্জিনিয়ার সুজল আহমেদসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিকও উপস্থিত ছিলেন।

পরে বিএমএমওএর ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন জাবের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের মেরিন অফিসারদের বিদেশে কর্মক্ষেত্র সম্প্রসারণের বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি মেরিনারদের ভিসা সুবিধা আবার চালুসহ বিদেশী শিপিং কোম্পানিগুলোতে বাংলাদেশের মেরিনারদের চাকরির সুযোগ বাড়ানোর দাবি জানান।

নৌপরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন তাদের পরামর্শ গুরুত্ব দিয়ে শোনেন এবং মেরিনারদের জন্য নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন বলে আশ্বাস দেন। সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার গোলাম জিলানী, চিফ ইঞ্জিনিয়ার আবু সাঈদসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।