নাটোরে চারজনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

নাটোর: গতকাল সকালে মৃত আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। ঘন কুয়াশার কারণে দক্ষিণ লালপুরে তাদের বহনকারী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এছাড়া দুপুরে শহরের তেবাড়িয়ায় বাসচাপায় মোহাম্মদ রজব আলী নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে সন্ধ্যায় জেলার বড়াইগ্রামের মহিষভাঙ্গায় তিনটি যানবাহনের সংঘর্ষে সিরাজগঞ্জের ওমর ফারুক নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ওমর ফারুক তাড়াশ উপজেলার চৌপাকিয়াগ্রামের দরদ জামানের ছেলে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বরিশাল: জেলার উজিরপুরে মালবাহী ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উজিরপুরের পরমানন্দ সাহা এলাকার সোহরাব হাওলাদারের মেয়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে। গতকাল বেলা ৩টার দিকে উজিরপুর উপজেলার সাকরালে কালু হাওলাদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর: স্কুলে যাওয়া পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালেদা খানম ওরফে খুশি (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাদেচান্দি বরকতের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খালেদা খানম সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ওই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক রিপনের স্ত্রী। তারা দীর্ঘদিন জামালপুর শহরে ভাড়া বাসায় থাকতেন। স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন খালেদা খানম। পরে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা: দাউদকান্দি উপজেলার বেকিনগরে অজ্ঞাত একটি গাড়িচাপায় বিজন দেবনাথ মজুমদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিজন দেবনাথ নরসিংদীর পলাশবাজারের বিপুল কৃষ্ণ মজুমদারের ছেলে।