‘হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। মাঝেমধ্যে দু-একটা খুনখারাবি হয়। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে।’ নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি—এমনটা বোঝাতে গিয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ কথা বলেন।
তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান আইন-শৃঙ্খলার অবনতি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা কিনা। উত্তরে সিইসি বলেন, ‘আইন-শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দু-একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা সব সময়ই ছিল। আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হননি? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হননি? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের সঙ্গে তুলনা করে দেখুন। তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ছিল না। সেই সময়ের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলাচল করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।’
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে হবে। সবার সহযোগিতা নিয়েই নির্বাচন হবে। এ ব্যাপারে যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, সেই দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।’
বক্তব্যের ব্যাখ্যা: সিইসির এমন বক্তব্যের পর পরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যাপক প্রতিক্রিয়া জানান। তারা এ বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। এ অবস্থায় রাতে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ বক্তব্যের ব্যাখ্যা দেয়া হয়। ব্যাখ্যায় ইসি বলে, সিইসি মূলত তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানায়, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে সিইসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন, যার অংশ হিসেবে ১৪ ডিসেম্বর বিকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে। সভায় সিইসি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইসি গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।










