ঋতু পরিক্রমায় প্রকৃতিতে এখন বর্ষাকাল। চারপাশকে সতেজ করে তোলা এ ঋতুর সাংস্কৃতিক সৌন্দর্য উদযাপন ও বন্যার্তদের সহায়তার এগিয়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় অনুষ্ঠিত হলো নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা-২’।
আজ শুক্রবার সকাল ১১টায় বকুলতলায় শুরু হয় ৯০ মিনিটের এ বিশেষ অনুষ্ঠান। বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও চারুকলার উদ্যোগে এ আয়োজনে অংশ নেন তিন শতাধিক নৃত্যশিল্পী। বর্ষার আবহ ও বাংলা সংস্কৃতিকে কেন্দ্র করে পরিবেশিত এ অনুষ্ঠান উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সামাজিক উদ্যোগ। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ওই বুথে আর্থিক সহায়তা প্রদান করেন।
আয়োজকরা জানান, এবারের ‘ঘনঘটা-২’ এ তিন বছর থেকে ৭০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। তাদের মধ্যে রয়েছে শিশু ও প্রথমবারের মতো মঞ্চে ওঠা নৃত্যশিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ।










