এশিয়া
কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ বিরাট কোহলি ও
লোকেল রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ৩৫৬ রানের সৌধ গড়েছে ভারত। কোহলি
তুলে নেন ক্যারিয়ারের ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি (৯৪ বলে ১২২*), আর চোট কাটিয়ে ওয়ানডে
দলে ফেরা রাহুল করেছেন ষষ্ঠ সেঞ্চুরি (১০৬ বলে ১১১*)।
পাকিস্তানের
জন্য খারাপ খবর হলো, শ্রীলংকার মাটিতে পরে ব্যাটিং করে কোনো দল ৩২২ রানের বেশি
তুলতে পারেনি। এই মাঠে সর্বোচ্চ চেজ ৩০১ রান। চেজ করতে নেমে ১৫ রানে ইমাম-উল-হকের
উইকেট হারিয়েছে পাকিস্তান। ৭ ওভারশেষে তাদের সংগ্রহ ২১/১।
১২৩
রানে দুই উইকেট পতনের পর ১৯৪ বলে ২৩৩ রানের দুর্দান্ত জুটিতে ভারতের সংগ্রহটা সাড়ে
তিনশ পার করান কোহলি ও রাহুল। দুই বল বাকি থাকতে স্কোরটা ছিল ৩৪১/২। ফাহিম আশরাফ
ওভারস্টেপ ‘নো বল’ করলেন। এরপর কোহলির দুটি সুপার শটে স্কোর গিয়ে পৌঁছায় ৩৫৬ রানে।
এটি পাকিস্তানের বিপক্ষে যুগ্মভাবে সর্বোচ্চ স্কোর ভারতের। ২০০৫ সালে বিশাখাপত্নমে
৯ উইকেটে ৩৫৬ রান তুলেছিল তারা।
শ্রীলংকার
পাল্লেকেলেতে দু’দলের প্রথম দ্বৈরথটা বৃষ্টিতে ভেস্তে যায়। রোববার প্রেমাদাসা
স্টেডিয়ামে পাকিস্তান-ভারত দ্বিতীয় দ্বৈরথেও হানা দেয় বৃষ্টি। আগে ব্যাটিংয়ে নামা
ভারত ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সেদিন
আর খেলা না হওয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথটা আজ রিজার্ড ডে’তে গড়ায়। গতকাল
যেখানে শেষ হয়েছে, আজ ঠিক সেখান থেকেই খেলা শুরু হয়।
আজও
দুপুরে বৃষ্টি ছিল কলম্বোয়। ১ ঘন্টা ৫০ মিনিট বিলম্বে অবশেষে খেলা শুরু হলে
ব্যাটিংয়ে কর্তৃত্ব করে ভারতীয়রা। রোববার চোট পাওয়ায় আজ বলই করতে পারেননি আসরের সর্বোচ্চ
উইকেট শিকারি হারিস রউফ। এটা পাকিস্তানের বোলিং অ্যাটাক দুর্বল করে দেয়। শাহিন শাহ
আফ্রিদি (১/৭৯), ফাহিম আশরাফ (০/৭৪), শাদাব খান (১/৭১), ইফতিখার আহমেদের (০/৫২)
ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যায়। সঙ্গে ছিল ফিল্ডারদের হতশ্রী পারফরম্যান্স। রাহুল
১০০ বলে সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরই তিন অঙ্ক ছুঁয়েছেন কোহলি। তিনি মাত্র ৮৪
বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
ওয়ানডে
সেঞ্চুরিতে কোহলির সামনে শুধুই শচীন টেন্ডুলকার। ৪৯টি সেঞ্চুরি নিয়ে রেকর্ডের
অধিকারী ভারতীয় কিংবদন্তি। আর দুটি সেঞ্চুরি পেলেই শচীনকে টপকে যাবেন কোহলি। ৩০টি
সেঞ্চুরি নিয়ে কোহলির পরেই তার সতীর্থ রোহিত শর্মা। এরপরের দশজন অবসর নিয়েছেন।
পাকিস্তান দলনায়ক বাবর আজম ১৯টি সেঞ্চুরি করেছেন।
কলম্বোয়
চার ইনিংস খেলে চার সেঞ্চুরি করলেন কোহলি! গত বছর এশিয়া কাপ থেকে শুরু করে এক বছরে
মোট সাতটি সেঞ্চুরি করলেন তিনি। আজ পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার
রানের মাইলফলকও পৌঁছেন কোহলি। এটি দ্রুততম ১৩ হাজার। ২৭৮ ম্যাচ তার রান এখন ১৩
হাজার ২৪। তার সামনে রয়েছেন টেন্ডুলকার (১৮,৪২৬), কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪), রিকি
পন্টিং (১৩,৭০৪) ও সনাথ জয়সুরিয়া (১৩,৪৩০)।










