তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানিতে পতন অব্যাহত রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি-মে সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে। শীর্ষ ১০ পোশাক সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশ থেকেই আমদানি কমেছে সবচেয়ে বেশি। ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে এ চিত্র প্রকাশ পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-মে সময়ে বাংলাদেশ থেকে ৮৯৭ কোটি ১৩ লাখ ইউরোর পোশাক আমদানি করেছিল ইইউ। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৭২৭ কোটি ৬৯ লাখ ইউরোতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে আমদানি কমেছে প্রায় ১৬৯ কোটি ৪৪ লাখ ইউরোর।
একই সময়ে বিশ্ববাজার থেকে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি-মে সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩ হাজার ৭৫৮ কোটি ২২ লাখ ইউরোর পোশাক আমদানি করলেও চলতি বছরের একই সময়ে তা কমে ৩ হাজার ৩৮৩ কোটি ৭৫ লাখ ইউরোতে নেমেছে। ফলে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমার তুলনায় বাংলাদেশ থেকে আমদানি কমেছে প্রায় দ্বিগুণ হারে।
শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীন থেকে ইইউর পোশাক আমদানি কমেছে ৪ দশমিক ২০ শতাংশ, তুরস্ক থেকে ১৫ দশমিক ৬৬, পাকিস্তান থেকে ১৭ দশমিক শূন্য ১, শ্রীলংকা থেকে ১৫ দশমিক শূন্য ৮, ভারত থেকে ১৩ দশমিক ৩৩, কম্বোডিয়া থেকে ১০ দশমিক ৭৭, মরক্কো থেকে ৮ দশমিক ৯৬, ইন্দোনেশিয়া থেকে ১৬ দশমিক ৬৩ এবং ভিয়েতনাম থেকে মাত্র ১ দশমিক ৫১ শতাংশ। ফলে শীর্ষ ১০ সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ থেকেই আমদানি কমেছে সবচেয়ে বেশি।
আমদানি কমলেও ইইউর দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন।
আমদানির পরিমাণের দিক থেকেও একই প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জানুয়ারি-মে সময়ে বাংলাদেশ থেকে ৫৮ কোটি ২৩ লাখ কেজি পোশাক আমদানি করেছিল ইইউ। চলতি বছরের একই সময়ে তা কমে ৫২ কোটি ১৪ লাখ কেজিতে নেমেছে। অর্থাৎ আমদানির পরিমাণ কমেছে ১০ দশমিক ৪৬ শতাংশ। একই সময়ে বিশ্ববাজার থেকে ইইউর মোট পোশাক আমদানির পরিমাণ কমেছে ৬ দশমিক ৪৬ শতাংশ।
বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের গড় ইউনিট মূল্যও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি-মে সময়ে প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৫ দশমিক ৪১ ইউরো। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৬ ইউরোতে। অর্থাৎ ইউনিট মূল্য কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। বিপরীতে একই সময়ে তুরস্ক, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পোশাকের ইউনিট মূল্য বেড়েছে।
শুধু মে মাসের পরিসংখ্যানেও বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানিতে বড় পতন দেখা গেছে। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ থেকে ১৪২ কোটি ৬৮ লাখ ইউরোর পোশাক আমদানি করলেও চলতি বছরের একই মাসে তা কমে দাঁড়িয়েছে ১১৮ কোটি ২৬ লাখ ইউরোতে, যা ১৭ দশমিক ১২ শতাংশ কম। একই সময়ে আমদানির পরিমাণ ৯ কোটি ৮৪ লাখ কেজি থেকে কমে ৮ কোটি ৫০ লাখ কেজিতে নেমেছে, অর্থাৎ ১৩ দশমিক ৫৫ শতাংশ কমেছে। পাশাপাশি গড় ইউনিট মূল্য ১৪ দশমিক ৫১ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৯১ ইউরোয় নেমেছে, যা ৪ দশমিক ১৩ শতাংশ কম।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, অর্থমূল্য, আমদানির পরিমাণ এবং ইউনিট মূল্য, এ তিন সূচকেই বাংলাদেশের রফতানিতে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। বিশেষ করে ইইউর সামগ্রিক আমদানি কমার তুলনায় বাংলাদেশ থেকে আমদানির পতন উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় দেশটির প্রধান রফতানি বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।










