রেড চিটাগাং ক্যাটল সংরক্ষণকে সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, দুধ উৎপাদন তুলনামূলক কম হলেও মাংসের গুণগত মান ও জাতগত বৈশিষ্ট্যের দিক থেকে রেড চিটাগাং ক্যাটলের তুলনা নেই। তাই দেশীয় এ জাত সংরক্ষণ করা জরুরি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এ কে এগ্রো এন্ড ডেইরি হাব সংলগ্ন মাঠে চট্টগ্রাম অঞ্চলে ডেইরি খাতের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়া দুধ আমদানি করে। এ অর্থ দেশীয় দুধ উৎপাদনে ব্যয় করলে আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব। তিনি আরো বলেন, গুঁড়া দুধ ব্যবহারে তরল দুধে ভেজালের ঝুঁকি বাড়ে। তাই আমদানি কমিয়ে দেশীয় তরল দুধের উৎপাদন বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
বিদ্যুৎ বিল ও ভর্তুকি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ বিদ্যুৎ বিল রেয়াত এবং ১০০ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ সহায়তা আরো বাড়ানোর চেষ্টা থাকবে।
খামারি নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে ফরিদা আখতার বলেন, নিবন্ধন ছাড়া প্রকৃত অবস্থা জানা সম্ভব নয়। অনলাইনে নিবন্ধন হলে তথ্য সংগ্রহ সহজ হবে এবং নীতিনির্ধারণ কার্যকর হবে।
তিনি বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খামারিরা প্রশিক্ষণ পেয়েছেন এবং ডেইরি কার্যক্রম অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। এতে ভবিষ্যতে টেকসই জীবিকা নিশ্চিত হবে।
দুধ গ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারী, শিশু ও বয়স্কদের জন্য দুধ প্রয়োজনীয়। স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি ও মেধা বিকাশে ইতিবাচক প্রভাব পড়ছে।
সেমিনারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ডেইরি খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।









