পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন শেষ হতে যাচ্ছে আজ। রাঙ্গামাটি ও বান্দরবানে মারমা জাতি-গোষ্ঠীর সাংগ্রাই জল উৎসবে মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে শেষ হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এর আগে ১২ এপ্রিল পানিতে ফুল ভাসিয়ে শুরু হয় চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু ও বিষু। রাঙ্গামাটি জেলা চাকমা-অধ্যুষিত হওয়ায় বিজু উৎসবের আমেজ থাকে একটু বেশি। এছাড়া অন্য ভাষাভাষী মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু, তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব উদযাপন হয়। পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণের এ উৎসবকে সংক্ষেপে বৈসাবি বলেও অভিহিত করেন অনেকেই।