পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিরোজপুর-ঢাকা মহাসড়কে নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নেয়ার পথে দুপুরে তাদের মৃত্যু হয়।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বাবা-ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রিকসাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। এ ছাড়া সেখানে থাকা আরো ২ জন নিহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।