পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে দিনাজপুরের হিলিতে আসা এক যুবককে তার পরিবারসহ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখেছে পুলিশ। তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় আছে।
পালিয়ে আসা ওই যুবকের বাড়ি হাকিমপুর (হিলি) উপজেলার খট্টামাধবপাড়া গ্রামে। গত ৫ এপ্রিল তিনি পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এসময় স্বজনেরা তার লক্ষণ দেখে পুলিশকে খবর দেয়। প্রশাসনের লোকজন এসে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে এক যুবক পালিয়ে এসেছে এমন খবর পেয়ে আজ সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শক্রমে তাকেসহ বাড়ির সব সদস্যকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে তার বাড়ির সামনে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে, সে তিনি বাড়ির বাইরে বের না হতে পারেন।
ওসি আরো জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।









