চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবারও খাতা পুনঃনিরীক্ষণ বা ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা আগামীকাল (১৭ অক্টোবর) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরো বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে https://rescrutiny.eduboardresults.gov.bd- ওয়েবসাইট থেকে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিমের মাধ্যমে।