রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয় বলে জানিয়েছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, সাতরাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক অবরোধের ফলে বিজয়নগরসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হচ্ছে।