মানব পাচারের অভিযোগে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, লিবিয়ায় পাঠিয়ে আটক এবং মুক্তিপণ দাবিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার আসামি হলেন আবুল হোসেন (৬৯)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টার সময় সিআইডির একটি দল গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সূত্র মতে জানা যায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লক্ষ ৯৫ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ১২ জুন ২০২৪ তারিখে বাদিনীকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগ রয়েছে। লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা তাকে একটি স্থানে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণের অর্থ দিতে না পারায় তাকে আরো নির্যাতন করা হয় বলে বাদী অভিযোগ করেন। একপর্যায়ে সে সুযোগ বুঝে আটকস্থান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীতে লিবিয়া পুলিশ তাকে আটক করে ২০২৪ সালের ১৬ অক্টোবর দেশে ফেরত পাঠায়। এ ঘটনায় তিনি ডিএমপির মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলাটির তদন্তভার গ্রহণের পর প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের লক্ষ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সিআইডি। তদন্তের প্রাথমিক পর্যায়ে গ্রেফতারকৃত আসামির মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়

এরই ধারাবাহিকতায় গতকাল তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করেন। প্রাথমিক তদন্তে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মিরপুর (ডিএমপি) থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে আরো একটি মামলা রয়েছে।

গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।