ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চেয়ার, টেবিল ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
প্রতিষ্ঠানের সভাপতি নাইমুর রহমান রাজিব অভিযোগ করে জানান, বিভিন্ন সময়ে ঝড়ে ভাঙা গাছ ও ডালগুলো প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কোনো সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক রুনা লায়লা বিক্রি করে দিয়েছেন। ৪০ মণের অধিক গাছের ডালপালাসহ প্রতিষ্ঠানের রড বিক্রি করে দিয়েছেন তিনি।
বিদ্যালয়ের সভাপতিসহ অভিভাবক সদস্যরা কেউ বিষয়টি জানেন না। প্রধান শিক্ষক তার ইচ্ছামতো বিদ্যালয়ের সম্পদ এভাবে তছরুপ করে চলেছেন। এছাড়া আরো ৩০-৪০টি বেঞ্চ গোপনে বিক্রির জন্য পাশের একটি বাড়িতে লুকিয়ে রেখেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা অল্প কিছু গাছের ডাল ও ভাঙা চেয়ার ও টেবিল বিক্রির কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, একটি বাড়িতে কিছু বেঞ্চ রাখা আছে তবে সেগুলো বিক্রির জন্য নয়। প্রতিষ্ঠানের সভাপতির অনুমতি ছাড়া বিক্রি ও পাশের বাড়িতে বেঞ্চ রাখা যায় কি না এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন, এটা আমার ভুল হয়েছে। আমি বিষয়টি ঝিনাইদহ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মাসুদকে মৌখিকভাবে জানিয়েছি।
ঝিনাইদহ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মাসুদ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। প্রতিষ্ঠানের সভাপতির সঙ্গে আলোচনা ছাড়া বিক্রি বা চেয়ারটেবিলগুলো বাইরে রাখা ঠিক হয়নি।










