দেশের চার বিভাগের ৩২ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। একই সঙ্গে আট বিভাগে এ সময় কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি। এ সময় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে । শনিবার (২ মে) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
সতর্কবার্তায় অনুযায়ী, আজ দুপুর ১ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।










