কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মূল্যায়ন করেছে ভারত। নয়াদিল্লির প্রত্যাশা, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মাধ্যমে বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরে আসবে। গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘গত সপ্তাহের ব্রিফিংয়েও বাংলাদেশের কোটা আন্দোলন প্রসঙ্গে একাধিক প্রশ্ন এসেছিল। সেবারও বলা হয়েছে, বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।’
গতকালের ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা অন্য কেউ ঢাকার সঙ্গে কথা বলেছেন কিনা। ওই সাংবাদিক জানতে চান, কোটা আন্দোলনে বাইরের হাত থাকার কোনো খবর নয়াদিল্লির কাছে আছে কিনা। আন্দোলনকারীদের মুখে ভারতবিরোধী স্লোগান শোনা গেছে জানিয়ে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের একাংশের ভারতবিরোধী মনোভাব নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন কিনা। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ।’










