নাটোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় দুজন, গাজীপুর ও রাজবাড়ীতে দুজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নাটোর: জেলার লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি প্রাইভেট কার পাবনা-নাটোর মহাসড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শাহরিয়ার শাকিল ও তার মেয়ে সামাইরা খাতুন মারা যান। এ ঘটনায় শাহরিয়ার শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী ও গাড়িচালক আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত শাহরিয়ার শাকিল বেক্সিমকো গ্রুপে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছিলেন তিনি।
কুষ্টিয়া: জেলার দৌলতপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে বালিভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। এছাড়া সকাল ৮টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে এক নারী প্রাণ হারান।
নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে এবং নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মণ্ডলের স্ত্রী।
পুলিশ জানায়, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে বালিভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর: শ্রীপুরে গাড়িচাপায় একটি পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন (৩৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকার পিএ নিট কম্পোজিট কারখানার লাইন চিফ পদে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের মতলব থানার কাশেমপুর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে সড়কের জৈনাবাজারের দক্ষিণ পাশে ইউটার্ন করছিলেন জামাল হোসেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. আইয়ুব আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাজবাড়ী: জেলার আলাদিপুর এলাকায় ট্রাকচাপায় তাফসিরুল ইসলাম (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে শিশুটি আলাদিপুর বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় রাজবাড়ী পাসপোর্ট অফিসের সামনে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।










