পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ‘‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে বলিষ্ঠ অবস্থানে পৌঁছাচ্ছে। স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল দেশ গড়তে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আজকের শিক্ষার্থীদের হাত ধরেই সম্ভব হবে।’

গতকাল দুপুরে চারঘাট উপজেলা পরিষদের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি মাদ্রাসায় নবম-দশম শ্রেণী ও সমমানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‌প্রত্যেকটি মানুষের জীবনে একটা সময় আসে, যে সময়টা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। ছোটবেলায় যখন আমরা নতুন কিছু উপহার পেতাম, তখন আমাদের মনে আগ্রহ জন্মাত। একইভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্যাবলেট উপহার শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু জানার আগ্রহ তৈরি করবে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে।’

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চারঘাট উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, চারঘাট পৌরসভার মেয়র মো. একরামুল হক।

অনুষ্ঠানে চারঘাট উপজেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম-দশম শ্রেণী ও সমমানের ৩৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাবলেট তুলে দেয়া হয়।