সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, হিসাব অনুযায়ী এক টাকা বাড়লে এক পয়সা বাড়ে। আমি পরিবহন মালিকদের ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে ১৭ পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। ১৭ পয়সা বাড়বে ২০ টাকা বাড়ার ফলে, প্রতি কিলোমিটারে। সেটাই নির্ধারিত হয়েছে। যে কোন ভাড়াই এক ধরনের চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তেলের মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে, তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি।'

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া সমন্বয় কমিটির গতকালের বৈঠকে সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা ও মিনিবাসের ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা বাড়ানোর দাবি থাকলেও কমিটি এর চেয়ে কম হারে ভাড়া সমন্বয়ের সুপারিশ করেছে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এবার বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরমাদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি। এ ছাড়া যুক্ত হতো সেতু ও সড়কের টোল। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাস ভাড়া।