স্বাস্থ্য ও জীবন বীমা প্রকল্পের আওতায় এল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা। বছরে এককালীন ২৫০ টাকার বিনিময়ে স্বাস্থ্য সুরক্ষায় এ প্রকল্পের আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন তারা। এছাড়া তালিকাভুক্ত যে কোনো হাসপাতাল থেকে ডিসকাউন্ট মূল্যে চিকিৎসার সুযোগও মিলবে তাদের। আগামী ১ জুলাই থেকে এ প্রকল্পটি কার্যকর হবে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বীমা প্রকল্প সংক্রান্ত তথ্য উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বীমার আওতায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পাবেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার অভিভাবক ২ লাখ টাকা পাবেন। এছাড়া, বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে একজন শিক্ষার্থী বছরে বিশ হাজার টাকা পাবেন। একদিনের বিল হলেও ২০,০০০ টাকা পাবেন। আবার প্রতিমাসে বা একাধিকবার কনসালটেন্সি ফি, মেডিকেল ফি, প্যাথলজি ফি ইত্যাদি বাবদও এই নির্দিষ্ট অর্থ নিতে পারবেন।
এদিকে কোনো সদস্যের মৃত্যু হলে অথবা ছাত্রত্ব শেষ হলে বীমা ঝুঁকির পরিসমাপ্তি হবে। বীমা প্রকল্পে অংশ নিতে সকল নিয়মিত শিক্ষার্থীদের ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এ্যাকাউন্ট বা ব্যাংক একাউন্ট খুলতে হবে। অনলাইন পদ্ধতিতে বীমা দাবির প্রক্রিয়াটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)-তে পাওয়া যাবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীর।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীসহ জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রকল্পটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের যৌথ চুক্তিতে আগামী ২ বছরের জন্য প্রাথমিকভাবে চালু থাকবে।









