কোটা আন্দোলনের সময় বনানীর সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডেরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল পার্থ ও ডেভিডকে আদালতে হাজির করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
অন্যদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।










