নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিনশ ফিট সড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরো ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বাচল সড়কের মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানান, কুড়িল বিশ্বরোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কাঞ্চন সেতুর উদ্দেশে রওয়ানা হয়। সিএনজিটি সড়কের ল্যাংটার মাজার এলাকায় পৌঁছলে পিছনদিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে
সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) ও খাইরুল ইসলাম (৩৫) নিহত হন।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে ।










