স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। তার প্রতি কি ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা মনে করিয়ে দেয়ার জন্য তার নামে সড়কের নামকরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার গুলশান-২ গোলচত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী এভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি, সীমান্ত হত্যার মতো একটি জঘন্যতম পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। বর্তমান সরকার সমস্ত সীমান্ত হত্যা বন্ধ চায় বলেই আজকের বিজয় দিবসে ফেলানীর নামে সড়কের নামকরণ করলাম।
এ সময় ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজসহ সংস্থাটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ফেলানী হত্যাকাণ্ড নিছক একটি হত্যাকাণ্ড নয়; এটি একটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দেশ হিসেবে মাথা উঁচু করে নিজেদের সম্মান বজায় রাখার প্রতীক ও প্রতিবাদ হিসেবেই ফেলানীর নামে ওই সড়কের নামকরণ করা হয়েছে।
নামফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন ডিএনসিসি মসজিদের ইমাম মাওলানা আনসার উল করিম।










