বিদেশী পিস্তলসহ রাজশাহীতে সারোয়ার জামান সুইট (৩৪) নামে ১৩ মামলার আসামি গ্রেফতার হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে নগরীর বালিয়াপুকুর উপর ভদ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার সুইট উপর ভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। বিদেশী পিস্তল ছাড়াও তার কাছে একটি ম্যাগাজিন, একটি গিয়ার চাকু এবং এক গ্রাম হেরোইন পেয়েছে র্যাব। তার বিরুদ্ধে রাতেই নগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
র্যাব জানিয়েছে, সুইট রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোনো কাজ নেই যা তিনি করেন না। তার নামে একাধারে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কারাগারে ছিলেন সুইট। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। খবর পেয়ে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব।










