ময়মনসিংহের গৌরীপুরে মাত্র দেড় শতাংশ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গুরুতর আহত পারুল বেগম ওরফে সেলিনা বেগম (৫৭) নামে এক নারীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরো পাঁচজন। পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দেড় শতাংশ জমি নিয়ে বিরোধে গৌরীপুরের সিধলা বাজার থেকে সাখাওয়াত হোসেনকে ডেকে বাড়িতে নিয়ে যান চাচাতো ভাই আব্দুর রশিদ। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেশীয় অস্ত্রসহ তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। পরে তার চিত্কারে পরিবারের লোকজন ছুটে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সাখাওয়াতকে বাঁচাতে এলে তার ভাতিজার দায়ের কোপে ছয়জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে সেলিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।