টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা ও সদর উপজেলার তারটিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে খালেদ হাসান (২৫) ও নোয়াখালীর কবিরহাট উপজেলার রমিজ উদ্দিনের বাড়ি গ্রামের আলাউদ্দিন আহমেদের ছেলে রবিউল ইসলাম(২১)। খালেদ হাসান মির্জাপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মির্জাপুর গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুল হক জানান, সকালে গুল্লা এলাকায় রবিউল ইসলাম রাস্তা পার হতে গেলে ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন জানান, তারটিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী খালেদ হাসান নিহত হন। নিহতের বড় ভাই বিপ্লব খান(৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।










