বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস সামনে বাসচাপায় অটোরিকশা চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। এতে শিশুসহ দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও তার সহযোগী পালিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), পৌর ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং অটোরিকশচালক সোহাগ (২৪)। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, যার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি লক্ষীপাশা লেবুখালির উদ্দেশে রওনা দেয়। পথে বিপরীত দিক পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে আসা বিআরটিসির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই এক নারী ও চালকসহ চারজন নিহত হন। আরো এক যুবক ও শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।









