দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেটের সভায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কখন শিক্ষার্থীদের হল ছাড়তে হবে, সে সময় নির্ধারণ করে দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় ছাত্রী ও রাত ১০টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৫১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ বলেন, ‘আজকের জরুরি সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টা ও রাত ১০টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিক হলের শিক্ষার্থীদের বুধবার বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় : খুলনা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার বিকালে ছাত্র ও বৃহস্পতিবার সকালে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
যবিপ্রবি : চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছেলেদের বিকাল ৪টার মধ্যে এবং মেয়েদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি ও সশরীরে অংশ নেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে বুধবার (১৭ জুলাই) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।










