সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা করা এ সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন বলে মনে করছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। এভাবে মামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। রাজধানীর বনানীতে বিপিজেএর সভায় গতকাল এসব কথা আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটি বলছে, অন্তর্বর্তী সরকার বাক্‌স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে। কিন্তু তারা দায়িত্ব নেয়ার পর থেকে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, যা এ সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন। এ ধরনের মামলা প্রচলিত আইনের অপব্যবহারকে উৎসাহিত করে বলে মনে করছে তারা।

সাংবাদিকদের অপরাধের বিচারে প্রেস কাউন্সিল ভূমিকা রাখতে পারে উল্লেখ করে সভায় বলা হয়, সাংবাদিকরা কোনো অপরাধ করে থাকলে বা অপরাধের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ ধারা অনুসরণে আইনি ব্যবস্থা নেয়া যেতে পারে। সাংবাদিকতার নামে কেউ বিগত সরকারের নিপীড়নমূলক কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে থাকলে তার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে একটি কমিটি গঠন করে তদন্ত ও অনুসন্ধান করা যেতে পারে। সেখানে প্রেস কাউন্সিল আইনে তার সাজা হতে পারে। সাংবাদিকদের অন্যান্য অপরাধের ক্ষেত্রেও প্রেস কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রচলিত আইনে বিচার হতে পারে।