সিলেট নগরীর কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করার কাজ উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বিকালে তিনি এ উপলক্ষে নির্মিত ফলক উন্মোচন করেন। এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক চার লেনে উন্নীতকরণ’
প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রবাসী যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ কমে আসবে। ব্যবসা-বাণিজ্য বাড়বে। কারণ সড়কটি জাতীয় মহাসড়কে যুক্ত হবে।
কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়কটিকে চার লেনে উন্নীত করা হলে পাথরবোঝাই ট্রাকগুলো সেই সড়ক দিয়ে জাতীয় মহাসড়ক এন-২তে সহজেই পৌঁছাতে পারবে। এতে সিলেট নগরীর মধ্যে যানজট কমবে, ট্রাকের কারণে ঘটা দুর্ঘটনাগুলোও কমে আসবে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, সড়কের বাঁধে মাটির কাজ, সয়েল ট্রিটমেন্ট, রিজিড, ফ্লেক্সিবল পেভমেন্ট, বাস-বে নির্মাণ, ইন্টারসেকশন উন্নয়ন, পিসি গার্ডার সেতু এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।










