মানিকগঞ্জের সাটুরিয়ায় বজ্রপাতে জাহিদ হাসান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই জাকির হোসেনকে গুরুতর আহতাবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে নিজেদের সরিষা ক্ষেতে কাজ করছিলেন দুই ভাই জাহিদ হাসান ও জাকির হোসেন। হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ছোট ভাই জাহিদ হাসান। ওই সময় গুরুতর আহত হন জাকির হোসেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।