সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭৫ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় এক হাজার ৯৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৬৮ হাজার ৪১০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ৬২ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এ নিয়ে চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২৮৩ জনের মৃত্যু হয়েছে।