বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এ দিনটির জন্য প্রত্যাশা করছিল। বাংলাদেশের মানুষ আজ তার অধিকার ফেরত পেয়েছে।’ গতকাল পরিবারসহ ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

সকাল ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন।

ভোট কেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

ভোট প্রদান শেষে তারেক রহমান সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোট গ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, ‘গত রাতে (বুধবার) সারা দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি যেটি কাম্য নয়। বাংলাদেশের মানুষ যদি ভোট কেন্দ্রে আসেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।’

জয়ের ব্যাপারে তিনি আশাবাদী জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রাধান্য দেয়া হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম।’ তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।

পরে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাসানটেক, মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডির ২৭ নম্বর সড়ক, সোবহানবাগে বিভিন্ন কেন্দ্র ঘুরে নিজের কার্যালয়ে আসেন। সেখানে তিনি বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে জানান, আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি ‘কম-বেশি’ আরো রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা দেশ পরিচালনা করতে চান।