বিশ্বব্যাংকের দায়িত্বরত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন গতকাল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও দুর্যোগ সংশ্লিষ্ট বিষয়াবলি এবং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য নেয়া বিশ্বব্যাংকের প্রকল্প বিষয়ে আলোচনা করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বৈঠক সম্পর্কে অবহিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনে বিশ্বব্যাংক নিয়ম মেনে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত। সহায়তার পরিমাণ ২৫ কোটি ডলার পর্যন্ত হতে পারে। এ সময় বৈঠকে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের অধিক টেকসই কিন্তু অস্থায়ী অধিক সহনশীল আশ্রয় কেন্দ্র নিয়ে আলোচনা হয়। তাছাড়া এসব বাস্তুচ্যুত নাগরিকদের কর্মসংস্থান, শিক্ষা, জটিল স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি ইত্যাদি বিষয়ও আলোচনায় স্থান পায়। ভাসানচরে এসব বাস্তুচ্যুত নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ে তারা খোঁজখবর নেন। ভাসানচরে যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ ও জরুরি স্থানান্তর বিষয়ে আলোচিত হয়।










