পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধাপে ধাপে স্টারলিংক সংযোগ বসানো হচ্ছে। এজন্য খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে তিনটি পৃথক চুক্তি করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সংস্থার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, চুক্তিটির লক্ষ্য হলো পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন ও উচ্চগতির সংযোগ নিশ্চিত করে ই-লার্নিং চালু করা। এতে অনলাইন ক্লাস, ডিজিটাল পাঠ ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া সহজ হবে। ভৌগোলিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে। সরকার পার্বত্য অঞ্চলে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে যে অঙ্গীকার করেছে, এ উদ্যোগ সেই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নেবে।
গত ২৭ নভেম্বর সর্বশেষ বান্দরবনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমাদুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে, ১২ নভেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অনুরূপ চুক্তি হয়। সেখানে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার স্বাক্ষর করেন। এর আগের দিন ১১ নভেম্বর খাগড়াছড়ির চুক্তিটি স্বাক্ষরিত হয় সার্কিট হাউজে। সেখানে স্বাক্ষর করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
চুক্তির পর তিন জেলার বিভিন্ন বিদ্যালয়ে স্টারলিংক সংযোগ বসানোর কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন, তিন জেলা পরিষদের কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং প্রযুক্তিনির্ভর দক্ষ জনগোষ্ঠী গঠনে সহায়ক হবে।










