দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। আজ বুধবার (২৪ জুলাই) রাতের মধ্যে সব জায়গায় ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে মোবাইল ইন্টারনেটের জন্য আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, রাতের মধ্যে বাসাবাড়িতে ইন্টারনেট সেবা আসবে। তবে মোবাইল ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়া চালাতে হবে। তারা নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু আমাদের জনগণের কথা চিন্তা করে না। ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।