সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহাদাত হোসেন নামে একজন হেলপার মারা গেছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহাদাত হোসেন দিগন্ত পরিবহনের হেলপার ছিলেন। আহতদের মধ্যে শ্যামনগর উপজেলার আলমগীর হোসেন, রহুল আমিন, আব্দুর রউফ, আব্দুল্লাহ, চায়না ও দেবহাটা উপজেলার তপন ঘোষের নাম জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহত রহুল আমিন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হয় দিগন্ত পরিবহনের একটি বাস। পরে ভোর ৪টার দিকে সাতক্ষীরার সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠান। শাহাদাত হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে চারজন চিকিৎসাধীন আছেন। এছাড়া আরো দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসের হেলপার মারা গেছেন ও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।