বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি (জাপা) ছাড়া অন্য কোনো দল নেই বলে
মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমি দীর্ঘদিন সংসদ
সদস্য ছিলাম। সংসদে যারা মেজরিটি পায় তারা সরকারি দল হয়। এ নির্বাচনে বেশি আসন পাওয়ায়
আওয়ামী লীগ সরকার গঠন করবে। এখন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো দল নেই।
স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। স্বতন্ত্রদের নিয়ে কোনো সময় বিরোধী
দল হয়েছে এমন নজির নেই।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, নির্বাচন করে ফেলেছি, আমরা শপথে যাব। এখন নির্বাচনের
ফলাফল প্রত্যাখ্যান করলে আরেক ধরনের ঘটনা ঘটবে। রংপুরের মানুষ আশা করে আমাকে জয়ী করেছে।
তাদের প্রত্যাশা, আমি স্থানীয় সমস্যাগুলো সমাধান করব। হঠাৎ করে সরে দাঁড়ালে মানুষ হতাশায়
ভুগবে। এমন অবস্থা সব খানেই হবে। তবে কাল আলাপ-আলোচনা করব। সংসদ বর্জন করতে পারব না।
সংসদে যাই তারপর যতটুকু পারা যায়, দেশের জন্য কাজ করব।
তিনি বলেন, নির্বাচন সঠিক হয়নি। আমাদের প্রার্থীর জয়ী হতে পারত। তাদের
জোর করে হারিয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এটি না ঘটে আমরা সেই প্রচেষ্টা করব। এ নির্বাচন
ছিল সরকার নিয়ন্ত্রিত। এখানে আমাদের প্রার্থীদের পক্ষে যে জনসমর্থন রয়েছে তা প্রকাশ
হতে দেয়া হয়নি। আমাদের সংগঠন এখনো শক্তিশালী রয়েছে। আমরা সংসদে যেতে চাই। জাতীয় রাজনীতিকে
যদি আমাদের কিছু দিতে হয় তাহলে আমাদের সংসদে যেতে হবে। তাহলে আমরা জনগণের কাছে পৌঁছাতে
পারব। দাবী-দাওয়া আদায় করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর
রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুবসংহতির
সভাপতি নাজিম উদ্দিনসহ অনেকে।










