কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুদের নাম আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২)। তারা দুজনেই মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ ফেরদৌসের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, আকবর ও জুনায়েদ মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে কিশোরগঞ্জগামী উজানভাটি নামক যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আকবর। গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে বাজিতপুর প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তাদের মৃত্যুতে শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল আয়োজন শেষে অতিথিদের অপেক্ষায় ছিলাম। এমন সময় দুর্ঘটনার সংবাদে সবাই শোকাহত হয়ে পড়ে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়, এতে যান চলাচল স্বাভাবিক হয়।










