দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করাই প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পাশাপাশি এ খাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে।’

গতকাল সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁর লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে ডা. সামন্ত লাল এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি সারা জীবন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম-দুর্নীতি অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে রোগীদেরও মাথায় রাখতে হবে, কোনো মৃত্যু হলে হাসপাতাল ভাংচুর কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও আমাদের খেয়াল রাখতে হবে।’

হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে সামন্ত লাল সেন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই সেসব হাসপাতাল বন্ধ করতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যেই হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে সেটি একদিনেই সম্ভব নয়, ধাপে ধাপে করা হবে। সেজন্য আমাকে সময় দিতে হবে।’

‘নারায়ণগঞ্জে একটি শিল্পঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেয়া হবে। তার পরই ইউনিট খোলা হবে। এছাড়া দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে সরকারের।’