চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী শাহীন আলম তার নিজ এলাকা ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সকাল সাড়ে ৯টায় অনশন শুরু করেন। যতক্ষণ সরকার একটা চাকরির নিশ্চয়তা না দেয় ততক্ষণ পর্যন্ত কিছুই খাবেন না বলে জানিয়েছেন।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটা হ্যান্ডমাইকে তিনি তার দাবি জানিয়েছেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করেছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে কোনো চাকরি পাচ্ছেন না। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শাহীন আলম প্রশ্ন তোলেন, চাকরি যদি নাই হবে তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিল ।

শাহীন আলম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সুযোগ পান এবং ২০১৯ সালে সেখান থেকে সফলতার সঙ্গে অনার্স পড়া শেষ করেন। বর্তমানে তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। শাহীন আলম লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।

শাহীন আলম বলেন, তার সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে যাচ্ছে অথচ সবোর্চ ডিগ্রি নিয়েও চাকরিতে ঢুকতে পারছেন না।

সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারায় (১) বলা হয়েছে, ‘প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তাহার প্রতি বৈষম্য করা বা তাহাকে বাধাগ্রস্ত করা যাবে না।’ বিভিন্ন দপ্তরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে হার মেনেছেন বলে দাবি করেন তিনি।