জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বুধবার বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। এ খবরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
এর আগে, গতকাল দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এ নির্দেশনা বাস্তবায়ন করবে।
মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠানো হয়েছে।










