বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কারিগরি শিক্ষাকে এগিয়ে নিলে মানবসম্পদ উন্নত হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন হবে। আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আমাদের পড়ার বই শুধু পড়ার জন্য নয়, এর বাইরেও অনেক বই পড়ার আছে। আমি অনেক রাজনৈতিক ব্যক্তিকে দেখেছি ব্যস্ততার মাঝেও তারা অনেক বই পড়তেন। মনের দরজা-জানালা খুলতে বই পড়তে হবে।’

গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা প্রচুর বই পড়ুক। তাদের মনের সুস্থ বিকাশ গড়ে তুলতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমেও দেশ-বিদেশের নামি-দামি ব্যক্তির বই পড়ছে। শিক্ষার্থীরা অনেক বেশি সমাজ সচেতন। জাতির জনক বঙ্গবন্ধু বই পড়তে ভালোবাসতেন। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী তাদের জ্ঞানকে কাজ লাগাক। প্রতিটি প্রতিষ্ঠানের লাইব্রেরিকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। এতে চাঁদপুরের ২৫ লাখ শিক্ষার্থী উপকারভোগী হবে। তাদের মনের জানালা খুলবে। আগের দিন নেই। হেলাফেলা করে হলেও শিক্ষার্থীদের শিখতে হবে।’