ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মকবুল হোসেন মোল্লা ওই গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন জমি নিয়ে মকবুল হোসেন মোল্লার সঙ্গে তার ছোট ভাই মনিরুল মোল্লার বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে মকবুল মোল্লা ঘর নির্মাণ করতে গেলে তাকে বাধা দেন ছোট ভাই মনিরুল ও তার লোকজন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে গুরুতর আহত হন মকবুলসহ তিনজন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মকবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।