সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকে সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। তবে আজ থেকে এ বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি বাড়তে পারে তাপমাত্রাও।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গতকাল গণমাধ্যমকে বলেন, ‘বৃষ্টি যে একেবারেই থেমে যাবে এমন নয়, তবে আজ থেকে এর পরিমাণ কমতে শুরু করবে। তারপর তাপমাত্রা বাড়বে।’
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বুধ ও বৃহস্পতিবার সারা দিনই দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।
এদিকে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।










