চলমান কোটা আন্দোলন ও সরকার ঘোষিত কারফিউর কারণে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে সরবরাহ একেবারে কমে গেছে। গতকাল ঢাকার বাইরের বিভিন্ন মোকাম থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে ক্রেতার সংখ্যাও কম। ফলে সরবরাহ কমায় দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হলেও ক্রেতার চাহিদার কমে যাওয়ায় খুচরা বাজারে এখনো দামের ওপর প্রভাব পড়েনি। তবে কিছুদিন সংরক্ষণ করা যায়, এমন দ্রব্যের দাম কিছুটা বেড়েছে। গতকাল সরেজমিনে কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, খুলনা, মৌলভীবাজার, নওগাঁ, শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারওয়ান বাজারে পণ্য সরবরাহ হয়। বর্তমান পরিস্থিতিতে গাড়ি চলাচল বন্ধ থাকায় ঢাকার বাইরে থেকে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলেও পরিবহন সংকট আরো বাড়তে পারে। তখন দাম বেড়ে যাবে।
বাজার ঘুরে দেখা যায়, গতকাল ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৬ টাকা বেড়ে ১৮৬ টাকায় উন্নীত হয়েছে, যা একদিন আগে ছিল ১৬০ টাকা। এছাড়া সোনালি মুরগির দামও কেজিপ্রতি ২০ টাকা বেড়ে গতকাল ২৩০ টাকায় বিক্রি হয়েছে, যা এর আগের দিন ছিল ২১০ টাকা।
তবে কাঁচাবাজারের অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত। গতকাল আলু ৫০-৫২ টাকা, কাঁকরোল ৭০, পটোল ৪০-৫০, ঢেঁড়স ৪০, করলা ৮০, বেগুন ৮০, চিচিঙ্গা ৪০, বরবটি ৯০, পেঁপে ৫০, শসা ৫০ ও মুখিকচু ৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া শুটকির দামও অপরিবর্তিত।
রাজধানীর অন্য বাজারের তুলনায় কারওয়ান বাজারে সবজিসহ অন্যান্য পণ্যের দাম কিছুটা কম থাকে। এ সুবিধা নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোক্তা এখানে কেনাকাটা করতে আসেন। বিক্রেতারা বলছেন, চলমান পরিস্থিতির কারণে ক্রেতার উপস্থিতি কম।
কোটা আন্দোলন নিয়ন্ত্রণের বাইরের চলে যাওয়ায় শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। সেনা মোতায়েনেরও সিদ্ধান্তও হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপের কারফিউ শেষে ২ ঘণ্টার বিরতি দেয়া হয়। বিরতির সময় কিছু ক্রেতার দেখা পান ব্যবসায়ীরা। কারফিউয়ে সবাইকে বাসায় অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে লেয়ার মুরগির ডিমের দাম ১০ টাকা বেড়েছে। আগের দিন প্রতি ডজন ১৪০ টাকা দরে বিক্রি হলেও গতকাল ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া দেশী সাদা ডিম ১৩২ টাকায় বিক্রি হয়েছে। পাইকারি ডিম বিক্রেতারা জানান, খামার থেকে ডিম আনার পরিবহন সংকট চলছে। এ কারণে ডিমের দাম বেড়েছে। পরিবহন সংকট অব্যাহত থাকলে ডিমের দাম আরো বাড়তে পারে। গতকাল দেশী পেঁয়াজ কেজিপ্রতি ১১০-১২০ টাকা, রসুন ২০০, আদা ২৮০-২৯০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া হলুদের গুঁড়া প্রতি কেজির দাম ২৮০ টাকা ও মরিচের গুঁড়া ৩৬০ টাকা।










