তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদপ্তরের আঞ্চলিক অফিসগুলো থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার দপ্তর ও সংস্থাগুলো চলমান আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধস ও প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
জেলা তথ্য অফিস চট্টগ্রামের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী দুই-তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২ জুলাই বেলা ২টা থেকে রেল চলাচল স্বাভাবিক আছে।
চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। ছয়টি উপজেলায় (সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী, সন্দ্বীপ) অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম মহানগরের ২৫টি ওয়ার্ডসহ বন্যায় প্লাবিত ১৭৬টি ইউনিয়নের মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৩টি ইউনিয়ন। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ৯ হাজার ২০৮, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ৬ হাজার ২০, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪০৫, ক্ষতিগ্রস্ত সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৫৯২ কিলোমিটার ও ক্ষতিগ্রস্ত সেতু বা কালভার্ট ১৬৯টি এবং মৃত ব্যক্তির সংখ্যা ১৬।
এতে আরো জানানো হয়, জেলায় ৬৭০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সবাই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে গেছে। ১ হাজার ২০০ টন চাল এবং নগদ ৯৫ লাখ টাকা ত্রাণ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০ টন চাল, ৮৩ লাখ ৭৫ হাজার টাকা এবং ৫৬ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া বাঁশখালী উপজেলায় আটটি, সাতকানিয়া উপজেলায় ১০টি, চন্দনাইশ উপজেলায় ছয়টি, রাউজান উপজেলায় দুটি ও রাঙ্গুনিয়া উপজেলায় তিনটিসহ মোট ২৯টি পয়েন্টে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়া সড়কগুলো দ্রুত চলাচল উপযোগী করার জন্য কাজ শুরু হয়েছে।
জেলা তথ্য অফিস খাগড়াছড়ির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলায় এখন বৃষ্টি নেই এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। জেলায় অধিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ২৭৫ এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৭৬৬টি। কৃষি বিভাগের তথ্যমতে, ফসলের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১১ কোটি ২০ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৭ হাজার ৩৪৪। মৎস্য খাতে মোট ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা। ১৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, ৪০০ টন চাল, ৪০ লাখ টাকা, ৪৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। মজুদকৃত ত্রাণের পরিমাণ ১০০ টন চাল, ৯ লাখ ৫০ হাজার টাকা এবং ৪৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
জেলা তথ্য অফিস কক্সবাজারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। অধিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ২ হাজার ৪৭৫ এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৭৭৩টি। কৃষি বিভাগের তথ্যমতে, কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা। মৎস্য খাতে মোট ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ২২ লাখ টাকা। জেলায় ৬৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, ৪৪৫ টন চাল এবং ৪৯ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জেলা তথ্য অফিস হবিগঞ্জের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হবিগঞ্জ সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলাসহ মোট তিনটি উপজেলা খোয়াই নদ ভাঙনে আকস্মিক বন্যায় প্লাবিত হওয়ায় ৪ হাজার ৫৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বর্তমানে বৃষ্টি কম হওয়ায় প্লাবিত এলাকায় পানি কমতে শুরু করেছে। জেলা তথ্য অফিস মৌলভীবাজারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৌলভীবাজার সদর, রাজনগর উপজেলার ১২টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারের গৃহীত কার্যক্রম—বন্যার্তদের জন্য ছয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।










