ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। সকাল থেকেই ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে আসেন কয়েকজন স্থানীয় জনতা। তখনই পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ফলে তারা সড়ক অবরোধ করতে পারেনি।
প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক(এসআই) সাফুর আহমেদ বলেন, সকালে ভাঙ্গা হয়ে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা গেছে।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ বলেন, আমরা চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং জনসাধারণ অতিরিক্ত ভোগান্তির শিকার না হন। এজন্য পুলিশ মাঠে আছে। তবে পুকুরিয়াতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ফলে ঢাকা-বরিশাল ও খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা। জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই চিঠি সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ এর সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়। উক্ত তালিকায় ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গার দুটি ইউনিয়ন, আলগী ও হামিরদী জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে গত ৪ সেপ্টেম্বর থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ উক্ত আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।










